নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন আরও তীব্র হয়েছে। বুধবার সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়তে থাকে। আন্দোলনকারীদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
শুধু ভারতের মধ্যেই নয়, আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সান হোসে, যুক্তরাজ্যের লন্ডন এবং আয়ারল্যান্ডের ডাবলিনে একই দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে হাসপাতালে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার সমর্থকেরা যন্তর মন্তরে অবস্থান অব্যাহত রেখেছেন।
নিট ইস্যুতে বিরোধী দলগুলোর আন্দোলনও জোরদার হয়েছে। দিল্লিতে ছাত্র-যুবদের মিছিলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
পরে অবস্থান কর্মসূচি থেকে রাহুল গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়। আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন।
এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, পুলিশি আচরণের জন্য সরকারের ক্ষমা চাওয়া এবং সংসদে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা দাবি করেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, সোনম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ সংগঠনের সদস্যরা নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ার এবং সান হোসেতে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভ করেন। একই ধরনের কর্মসূচি লন্ডন ও ডাবলিনেও অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) সংসদ অভিযান কর্মসূচি পালন করলে দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের বাধা দেয়। পরে যন্তর মন্তরে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপের অভিযোগও ওঠে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এদিকে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র কটাক্ষ করে বলেছেন, সরকারের কাছে এই আন্দোলন যেন ‘আউট অব সিলেবাস’। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও বিষয়টি সংসদে আলোচনার দাবি জানিয়েছে।
সূত্র: আনন্দবাজার, পিটিআই
/এএসএফ