এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা সারা দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবককে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আগে ঘোষণা দেওয়া হয়েছিল, ২০ জুলাই ফল প্রকাশ করা হবে। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় ফল প্রকাশ পিছিয়ে যায়। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নির্ধারিত ২০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে তিনি জানান, জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এর আগে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগগুলোও প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছিল।
তবে সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি এবং অনিবার্য কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল চূড়ান্ত করা সম্ভব হয়নি। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ফল প্রস্তুতের সব কাজ শেষ করে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত তারিখ নির্ধারণ করলে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা করা হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহারিক পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয়।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
/এসএন