আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালের শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের লড়াই শেষে ফেরান তোরেসের একমাত্র গোলে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই নিজের প্রথম বিশ্বকাপ খেলেই ইতিহাসের অন্যতম কনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েন বার্সেলোনার এই উইঙ্গার।
শিরোপা জয়ের পর পদক গ্রহণ অনুষ্ঠানে ইয়ামালকে নিয়ে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেই ভিডিওর একটি নির্দিষ্ট কোণ দেখে অনেকের মনে হয়, মঞ্চে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে গেছেন স্পেনের এই তরুণ ফুটবলার।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়। তবে অন্য একটি ক্যামেরার অ্যাঙ্গেল থেকে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করলে দেখা যায়, করমর্দন এড়িয়ে যাওয়ার দাবি সঠিক নয় এবং এটি বিভ্রান্তিকর।
প্রকৃত দৃশ্যে দেখা যায়, পদক গ্রহণের সময় ইয়ামাল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প তার গলায় বিশ্বকাপের স্বর্ণপদক পরিয়ে দেন।
পদক পরানোর পর ট্রাম্প ও ইয়ামাল স্বাভাবিকভাবেই একে অপরের সঙ্গে করমর্দন করেন। অন্য একটি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে সেই মুহূর্তটি স্পষ্টভাবে দেখা যায়। ফলে ট্রাম্পকে করমর্দন না করেই ইয়ামাল চলে গেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি বাস্তবতার সঙ্গে মিল খায় না।
/এসএন