• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম


১৮ বছর আগের ভাইরাল ছবি নিয়ে মেসি: ‘কী অদ্ভুত এক নিয়তি!’

আমি তার জন্য শুভকামনা জানাই। কিন্তু এবার সে যেন চ্যাম্পিয়ন হতে না পারে, সেটাই চাই। সে জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ৩:১০ পিএম

প্রথমদিকে অনেকেই ভেবেছিলেন, ছবিটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে সময়ের সঙ্গে সেটিই ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি মুহূর্তে পরিণত হয়েছে। বিশ্বকাপ ফাইনালের আগে সেই বহুল আলোচিত ছবিটি নিয়ে এবার প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

২০০৭ সালে বার্সেলোনার স্টেডিয়ামে স্থানীয় সংবাদপত্র স্পোর্ট এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল। সেই ছবিতে দেখা যায়, তরুণ মেসি শিশু লামিন ইয়ামালকে গোসল করাতে সাহায্য করছেন। প্রায় ১৮ বছর পর ভাগ্যের পরিহাসে সেই দুই ফুটবলারই এখন বিশ্বকাপের ফাইনালে নিজ নিজ দেশ স্পেন ও আর্জেন্টিনার হয়ে মুখোমুখি হতে যাচ্ছেন।

শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে মেসি ভাইরাল ছবিটি প্রসঙ্গে বলেন, ‘ওই ছবিটা সত্যিই অবিশ্বাস্য। ও তখন একটা ছোট দুগ্ধপোষ্য শিশু ছিল, তখন আমি ওর সঙ্গে ছবিটা তুলেছিলাম… আর আজ আমরা বিশ্বমঞ্চের ফাইনালে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছি! কী অদ্ভুত এক নিয়তি!’

স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, ‘আসলেই বিষয়টি পুরো “ক্রেজি” (পাগলাটে)। ও (ইয়ামাল) এক অসাধারণ খেলোয়াড়। এত কম বয়সেই সে অলরেডি স্পেনের হয়ে ইউরো জিতেছে। আমি সবসময়ই তার মঙ্গল কামনা করি। ওর বয়স মাত্র ১৯ বছর, পুরো ভবিষ্যৎ ওর সামনে পড়ে রয়েছে।’

মেসি আরও বলেন, ১৯ বছর বয়সী ইয়ামালের সামনে দীর্ঘ ক্যারিয়ার অপেক্ষা করছে এবং ভবিষ্যতে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠতে পারেন। তবে ফাইনালকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের প্রত্যাশার কথাও স্পষ্ট করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তার ভাষায়, ‘তার পুরো ক্যারিয়ার এখনও সামনে পড়ে আছে। আমি তার জন্য শুভকামনা জানাই। কিন্তু এবার সে যেন চ্যাম্পিয়ন হতে না পারে, সেটাই চাই। সে জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।’

এদিকে ভাইরাল সেই ছবি দেখে নিজের বিস্ময়ের কথাও জানিয়েছেন স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো। তিনি বলেন, ‘প্রথমবার ছবিটি দেখে আমার মনে হয়েছিল এটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। পরে বুঝলাম এটি বাস্তব। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং ভবিষ্যতের সম্ভাব্য আরেক সেরার এমন একটি ছবি সত্যিই অবিশ্বাস্য। আশা করি, এই দুই তারকাকে ঘিরে আমরা একটি দারুণ ও স্মরণীয় ফাইনাল উপভোগ করতে পারব।’

/এসএন