পাবনার সদর উপজেলায় বাস ও লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া এলাকার অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন (৩৫)।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কিডনি রোগে মারা যাওয়া এক শিশুর মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে পাবনায় ফিরছিল। একই সময়ে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায় পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন এবং শিশুটির নানি বুলু খাতুন নিহত হন। এছাড়া অ্যাম্বুলেন্সে থাকা আরও কয়েকজন আহত হন।
খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এএসএফ