• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:০৮ এএম


বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে ব্যাটারিচালিত রিকশার চাপায় প্রাণ গেল আড়াই বছরের নওরিনের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ৯:৩৮ এএম

বাবার সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার আকুল আবদার ছিল আড়াই বছরের শিশু নওরিনের। মেয়ের ইচ্ছা পূরণ করতে মা-বাবা তাকে নিয়ে ঘর থেকে বের হলেও, সেই বের হওয়াই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী ঢাল সড়কে ব্যাটারিচালিত রিকশার চাপায় প্রাণ হারিয়েছে শিশুটি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নওরিন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের ভ্যানচালক নাজিম মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারটি রাজধানীর বেগুনবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। দুই ভাই ও এক বোনের মধ্যে নওরিন ছিল দ্বিতীয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় নওরিনও বাবার সঙ্গে যাওয়ার জেদ ধরে। পরে স্ত্রী শিরিনা বেগম ও ছোট ছেলে সজীবকে নিয়ে নাজিম মিয়া রাস্তায় বের হন।

পথে হঠাৎ বাবার হাত ছেড়ে কিছুটা সামনে চলে যায় নওরিন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দেয়।

ধাক্কায় নওরিন ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চোখের সামনে আদরের সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বেপরোয়া ও অবৈধ ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

/এএসএফ