• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ এএম


আবু সাঈদদের আত্মত্যাগ বৃথা যাবে না: জুলাই শহীদ দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ১:১৭ এএম

জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শহীদদের স্মরণ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সারাদেশে দিবসটি পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন শহীদ হন। বিশেষ করে আবু সাঈদের দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে গভীর আলোড়ন সৃষ্টি করে এবং কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

তিনি শহীদ আবু সাঈদ, শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ ১৬ জুলাইয়ের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বলেন, ১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। সেদিন নিরস্ত্র ছাত্র-জনতা রাষ্ট্রীয় দমন-পীড়ন ও ভয়ভীতির বিরুদ্ধে যে সাহসী প্রতিরোধ গড়ে তুলেছিল, তা জাতির বিবেককে জাগ্রত করেছিল। তার ভাষায়, আবু সাঈদের সেই দৃশ্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা একটি জাতির সাহস ও প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন ছিল না; এটি ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদ, দুর্নীতি, গুম, খুন, দমন-পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ। সেই আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের মানুষ তাদের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নতুনভাবে প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যতের বাংলাদেশ গঠনের প্রেরণা হয়ে থাকবে।

বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ এবং নাগরিক অধিকারভিত্তিক একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই হবে শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান। তিনি আবারও সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সূত্র: প্রধানমন্ত্রীর বার্তা

/এএসএফ