ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের ফাইনালে এবার দেখা যেতে পারে একেবারে নতুন দৃশ্য। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে প্রথমবারের মতো আমেরিকান ফুটবলের ‘সুপার বোল’-এর আদলে আয়োজন করা হচ্ছে একটি মেগা হাফটাইম কনসার্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এমন আয়োজন এবারই প্রথম।
এই বিশাল আয়োজনের জন্য মঞ্চ তৈরি ও সরিয়ে নিতে অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় ফিফা ফাইনালের মধ্যবিরতি প্রচলিত ১৫ মিনিটের পরিবর্তে প্রায় ৩০ মিনিট করার পরিকল্পনা করছে। তবে এই সিদ্ধান্ত ফুটবলের আন্তর্জাতিক আইন এবং ফিফার বিদ্যমান নিয়মের সঙ্গে সাংঘর্ষিক।
বিশ্বকাপের নিয়মের ৩৬.১ অনুচ্ছেদে বলা হয়েছে, সব ম্যাচ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) আইন অনুযায়ী পরিচালিত হবে। একই সঙ্গে ৩৬.৫ অনুচ্ছেদ এবং আইএফএবির ৭ নম্বর আইনে দুই অর্ধের মাঝের বিরতির সর্বোচ্চ সময় ১৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। বিশেষ প্রয়োজনে রেফারি কিছু সমন্বয় করতে পারলেও সেই সীমা ১৫ মিনিটের বেশি নয়।
এখন পর্যন্ত ফিফা এ নিয়ম পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। একই সঙ্গে ফাইনালের জন্য কোনো বিশেষ অনুমতির বিষয়েও কিছু জানানো হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১১ মিনিটের এই জমকালো কনসার্টে অংশ নিতে পারেন ম্যাডোনা, শাকিরা, বিটিএস, জাস্টিন বিবার, বার্না বয় ও কোল্ডপ্লের মতো বিশ্বখ্যাত তারকারা। গ্লোবাল সিটিজেনের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণ নিশ্চিত করতে একটি তহবিল গঠন।
ফুটবলে বিরতির সময় বাড়ানোর আলোচনা অবশ্য নতুন নয়। ২০২১ সালে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল বড় টুর্নামেন্টের ফাইনালে কনসার্ট আয়োজনের সুবিধার্থে হাফটাইম ১৫ মিনিট থেকে ২৫ মিনিট করার প্রস্তাব দিয়েছিল। তবে খেলোয়াড়দের শরীর ঠান্ডা হয়ে যাওয়ার ঝুঁকি এবং পারফরম্যান্সে নেতিবাচক প্রভাবের যুক্তিতে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল আইএফএবি।
তবে ফিফা এর আগেও এমন উদ্যোগ নিয়েছিল। ২০২৫ সালে একই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে কনসার্টের জন্য প্রায় ২৫ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। এবার বিশ্বকাপের ফাইনালেও যদি একই ধরনের সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে ফুটবলের প্রচলিত নিয়ম নিয়েই নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে।
সূত্র: দ্য টাইমস
/এএসএফ