ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় নতুন করে ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে সরকারিভাবে নিশ্চিত করেছে তেহরান। একই সঙ্গে দেশজুড়ে মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (১৫ জুলাই) পারস্য উপসাগরকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেহরানের প্রশাসনিক ও স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানান, দেশের দক্ষিণাঞ্চলে চালানো সাম্প্রতিক হামলাগুলোতে ৩০ জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন।তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, সরকার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকবে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, “ইরানের দক্ষিণ অঞ্চল এই ভূখণ্ডের স্পন্দন, এটি আমাদের দেশের আত্মা।”অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর তার এক্স পোস্টে জানান, আহতদের মধ্যে অন্তত ছয়জন শিশু রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেন তিনি।
/বিএসএস