• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম


‘স্ত্রী বদলানো সম্ভব, প্রতিবেশী নয়’—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৪:৫১ পিএম

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমান সার্বভৌমত্বের ভিত্তিতে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে স্ত্রী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই বাস্তবতাকে বিবেচনায় রেখে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য কীভাবে পরিচালিত হবে, সে সিদ্ধান্ত সরকার এককভাবে নেয় না। সংসদে আলোচনা এবং সংবিধান ও পররাষ্ট্রনীতির প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে এসব বিষয় নির্ধারণ করা হয়।

তিনি বলেন, সরকারের মূল নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। এই নীতিকে সামনে রেখেই সরকার দায়িত্ব পালন করছে এবং দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো আচরণ বরদাস্ত করা হবে না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত চার থেকে পাঁচ মাসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। তার দাবি, এই সময়ে রেকর্ড অনুযায়ী একজনকেও অবৈধভাবে দেশে প্রবেশ (পুশ-ইন) করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগের তুলনায় অনেক বেশি সক্রিয় রয়েছে। এমনকি আক্রান্ত হলে বিজিবি সদস্যরা পাল্টা গুলিও ছুড়ছেন বলে তিনি সংসদকে জানান।

জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রেও সেই ঐক্য অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তব্যের শেষদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে যত তর্ক-বিতর্কই থাকুক না কেন, তা এই সংসদ ভবনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনোই কোনো ছাড় দেব না। এই ঐক্যবদ্ধ শক্তিই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

/এসএন