• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম


বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৪:১০ পিএম

বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন বলে জানা গেছে। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সৌদি যুবরাজের সম্ভাব্য বাংলাদেশ সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। তাই শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগের নতুন খাত চিহ্নিত করার বিষয়েও আলোচনা হতে পারে।

গত ৬ জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। এ সময় তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পরবর্তীতে সৌদি যুবরাজের পাঠানো চিঠিতে তিনি বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয়।

এ সময় সৌদি রাষ্ট্রদূত আরও জানান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগিরই বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল বিনিয়োগসংক্রান্ত আলোচনা করতে অচিরেই ঢাকায় আসবে।

একই দিনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সৌদি সফর এবং সৌদি যুবরাজের বাংলাদেশ সফর দুই দেশের কূটনৈতিক সম্পৃক্ততা আরও গভীর করবে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক ফোরাম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ২০২৭-এ অংশগ্রহণের জন্যও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ২০২৭ সালের ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখের বায়ারিশার হফ ও রোজউড হোটেলে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক নীতিনির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এ সম্মেলনে আলোচনা হবে।

/এএসএফ