• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম


কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে আছে: প্রেসিডেন্ট মুইজ্জু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৯:১৭ এএম

বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। একইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছেন।

পোস্টে তিনি আরও বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার প্রতি মালদ্বীপের জনগণের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রয়েছে।

প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, “এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ক্ষতিগ্রস্ত সব জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছি।”

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রোববার (১২ জুলাই) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে বলা হয়েছে, টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে দেশে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন।

এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাতটি জেলা বন্যা ও জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যাকবলিত রয়েছে।

/এএসএফ