• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ এএম


গোলের পর ‘এম’ উদযাপনের রহস্য জানালেন স্পেনের ওইয়ারসাবাল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৭:০১ এএম

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। মঙ্গলবার (১৪ জুলাই) ডালাসে অনুষ্ঠিত সেমিফাইনালে স্পেনের হয়ে প্রথম গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল। তবে গোলের পর তার অভিনব উদযাপনও ফুটবলপ্রেমীদের নজর কাড়ে।

গোল করার পর দুই হাত দিয়ে ‘এম’ অক্ষরের আকৃতি তৈরি করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা—এই উদযাপনের অর্থ কী?

ব্রাজিলীয় সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, ওইয়ারসাবালের এই উদযাপন ছিল তার তিন বছর বয়সী ছেলে মার্তিনের প্রতি উৎসর্গ। ছেলের নামের প্রথম অক্ষর ‘এম’ বোঝাতেই তিনি এমন উদযাপন করেন।

এদিকে ওইয়ারসাবালের পরিবারে আরও একটি সুখবর আসতে চলেছে। তার স্ত্রী আইনোয়া লারাউরি বর্তমানে অন্তঃসত্ত্বা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত চলতি বিশ্বকাপের সময়ই তারা দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশ করেন।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন রিয়াল সোসিয়েদাদের এই স্ট্রাইকার। সাত ম্যাচে পাঁচ গোল করে তিনি এখন স্পেনের সর্বোচ্চ গোলদাতা।

জাতীয় দলের জার্সিতে বড় আসরে এটি তার প্রথম উজ্জ্বল পারফরম্যান্স নয়। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করে স্পেনকে শিরোপা জিতিয়েছিলেন তিনি।

তবে জাতীয় দলে তার পথটা সহজ ছিল না। ২০২২ বিশ্বকাপের আগে গুরুতর হাঁটুর চোটে পড়ায় তৎকালীন কোচ লুইস এনরিকের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। পরে লুইস দে লা ফুয়েন্তে দায়িত্ব নেওয়ার পর প্রথম ডাকেই আবার জাতীয় দলে ফেরেন ওইয়ারসাবাল।

এরপর থেকে কখনো শুরুর একাদশে, কখনো বদলি হিসেবে খেললেও গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিকভাবে দলের ভরসায় পরিণত হয়েছেন তিনি। ২০২৪ ইউরোর ফাইনালের পর ২০২৫ সালের নেশনস লিগের ফাইনালেও গোল করেন। এবার বিশ্বকাপে পাঁচ গোল করে স্পেনকে ফাইনালে তুলতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

সূত্র: ও গ্লোবো

/এএসএফ