• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ এএম


রংপুরে মানসিক ভারসাম্য’হীন নারীকে তুলে নিয়ে ধ’র্ষণের অভি’যোগ, অভিযু’ক্ত ৫

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৯:০৫ এএম

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে স্থানীয় পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার এবং অভিযোগসূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত ১০টার দিকে ওই নারী নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ওই রাতে প্রবল বৃষ্টির কারণে চলাচল করতে না পেরে তিনি স্থানীয় একটি দুর্গামন্দিরের বারান্দায় আশ্রয় নেন।

অভিযোগে বলা হয়েছে, ২ জুলাই রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্ত পাঁচ ব্যক্তি মন্দির প্রাঙ্গণ থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে কাছাকাছি একটি মুদি দোকানে নিয়ে দোকানের শাটার বন্ধ করে তার ওপর নির্যাতন চালানো হয়।

একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা দোকানের শাটার খুলে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—পার্বতীপুর গ্রামের বাসিন্দা বিদ্যুৎ সরকার, রতন মিয়া, হবিবর রহমান ও মিথুল এবং পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া গ্রামের বাসিন্দা হাফিজার রহমান।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক মুঠোফোনে বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেব।’

/এসএন