• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ এএম


ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করানোয় সাবেক এমপির বিরুদ্ধে মামলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৫:৪৬ পিএম

ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তাঁর পরিবারের বিরুদ্ধে কুসংস্কার চর্চা এবং গৃহনির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। তাঁর পুত্রবধূ গিরিজা রাউত অভিযোগ করেছেন, দীর্ঘ সাত বছর ধরে তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতনের পাশাপাশি জোর করে গোমূত্র পান করানো এবং বিভিন্ন তান্ত্রিক আচার-অনুষ্ঠান পালনে বাধ্য করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, থানে জেলার এ ঘটনায় পুলিশ বিনায়ক রাউত, তাঁর স্ত্রী, ছেলে এবং স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা দায়ের করেছে। অভিযোগপত্রে ফিরোজ ও কাজি নামে কথিত দুই তান্ত্রিকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গিরিজা রাউতের অভিযোগ, বিয়ের পর থেকে গত সাত বছর তিনি নিয়মিত মানসিক, সামাজিক ও আবেগগত নির্যাতনের শিকার হন। তাঁর দাবি, স্বামীর কথিত বন্ধ্যাত্বজনিত সমস্যার সমাধানের অজুহাতে তাঁকে বারবার তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হতো। একপর্যায়ে তাঁকে জোরপূর্বক গোমূত্র পান করানো হয়। এছাড়া কুসংস্কারমূলক আচার পালনের অংশ হিসেবে তাঁর মাথা থেকে চুলও ছিঁড়ে নেওয়া হয়।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিরিজা বলেন, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে এতদিন অভিযোগ করার সাহস পাননি।

পরিবারের প্রধান হওয়া সত্ত্বেও তাঁর শ্বশুর বিনায়ক রাউত কখনো তাঁর পক্ষে অবস্থান নেননি বলেও অভিযোগ করেন তিনি।গিরিজা আরও দাবি করেন, বিয়ের পর উটিতে হানিমুনে গেলেও তাঁর স্বামী শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাঁকে অপমান করা হতো এবং দূরে সরিয়ে রাখা হতো। এমনকি তাঁর স্বামী তাঁকে বলেছিলেন, ভারতের বাইরে কোনো দেশে গেলেই কেবল তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক সম্ভব।এ ছাড়া পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে অপমান, নিয়মিত মানসিক চাপ সৃষ্টি এবং মারধরের অভিযোগও করেছেন তিনি।

তাঁর ভাষ্য, ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরেও একই ধরনের আচরণের শিকার হন। সে সময় তাঁকে বলা হয়েছিল, তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে তাঁর স্বামীর মৃত্যু হবে।পুত্রবধূর অভিযোগে শুধু তাঁর স্বামী নন, শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধেও মানসিক ও শারীরিক নির্যাতন, অশালীন আচরণ এবং গৃহনির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/বিএসএস