• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম


ভোর থেকে ঝুম বৃষ্টি, জলাবদ্ধতায় স্থবির রাজধানী!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৯:১৪ এএম

ভোর থেকেই টানা বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। রবিবার (১২ জুলাই) সকাল ৫টা থেকে শুরু হওয়া থেমে থেমে ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, কোথাও আবার কোমরসমান পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টির শব্দে ঘুম ভাঙে রাজধানীবাসীর। সকাল থেকে মিরপুর, মতিঝিল, নয়াপল্টনসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, পথচারী ও যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে, কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ।

এ ছাড়া টানা বর্ষণের কারণে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গেছে, ফলে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

/এএসএফ