ডিমবোঝাই একটি ট্রাক উল্টে সড়কে ডিম ছড়িয়ে পড়ার পর তা কুড়াতে গিয়ে বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে সড়কের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের ডিম সড়কে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো কুড়াতে এগিয়ে আসেন।
এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা লোকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এছাড়া অন্তত সাতজন আহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
/এএসএফ