সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলে টাকা গণনার সময় টাকার পাশাপাশি বেশ কয়েকটি চিঠি পাওয়া গেছে। এর মধ্যে একটি প্রেমের চিঠি উপস্থিত সবার মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।
শনিবার (১১ জুলাই) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়। অন্যান্য সময়ের মতো এবারও বিভিন্ন ব্যক্তিগত আবেদন, দোয়া ও মানতের চিঠি পাওয়া গেলেও প্রেমের এই চিঠিটি বিশেষভাবে সবার নজর কাড়ে।
চিঠিতে একজন ব্যক্তি আল্লাহর কাছে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক অটুট রাখার জন্য দোয়া চেয়েছেন। টাইমস টুডের প্রকাশিত তথ্য অনুযায়ী, চিঠিতে লেখা ছিল—
“হে আল্লাহ, আমাদের মিল মহব্বত-বৃদ্ধি করে দাও। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান করে দাও। আমাদের আর্থিকভাবে সচ্ছল করে দাও। মুন্নি আমার বউ, তাকে আমি অনেক অনেক ভালোবাসি। ‘মুন্নি + আমিনুল’-এর সম্পর্ক হাজার বছর টিকে রাখার তৌফিক দাও। আমাদের শত্রু থেকে বাঁচার তৌফিক দাও।”
মাজারে আসা দর্শনার্থীদের অনেকেই চিঠিটি দেখে বিস্ময় প্রকাশ করেন। তবে ব্যক্তিগত দোয়া ও আবেদন সংবলিত এমন চিঠি মাজারের দানবাক্সে পাওয়া নতুন কোনো ঘটনা নয়। প্রতি বছরই দানবাক্স খুললে নানা ধরনের মানত, দোয়া ও ব্যক্তিগত প্রত্যাশা লেখা চিঠি পাওয়া যায়।
/এএসএফ