• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ এএম


শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে রহস্যময় চিরকুট, মিলল ‘কালো জাদুর’ নকশাও

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ৮:১৩ পিএম

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলে টাকা গণনার সময় টাকার পাশাপাশি বেশ কয়েকটি চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি রহস্যময় নকশাসংবলিত চিরকুট উপস্থিত লোকজনের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

শনিবার (১১ জুলাই) মাজারের দানবাক্স খুলে প্রকাশ্যে টাকা গণনার সময় ওই চিরকুটটি উদ্ধার করা হয়। অন্যান্য সময়ের মতো এবারও দানবাক্সে বিভিন্ন লেখা সংবলিত চিরকুট পাওয়া গেলেও একটি বিশেষ নকশাযুক্ত চিরকুট সবার দৃষ্টি আকর্ষণ করে।

চিরকুটটিতে ‘মন্ত্রী’ ও ‘মিনিস্টার’ শব্দ দুটি বিশেষ কিছু চিহ্নের মধ্যে আবদ্ধ অবস্থায় লেখা ছিল। এছাড়া এর বাইরে ‘আদি ধর্ম’, ‘গাড়ি বাড়ি সম্পদ নাই’সহ আরও কিছু শব্দ ও বিভিন্ন অদ্ভুত প্রতীক আঁকা ছিল, যা পুরো নকশাটিকে রহস্যময় করে তুলেছে।

স্থানীয়দের অনেকেই এটিকে ‘কালো জাদুর নকশা’ বলে ধারণা করলেও, এ বিষয়ে কোনো সরকারি বা দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। চিরকুটটির প্রকৃত উদ্দেশ্য বা অর্থ সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দানবাক্সের টাকা গণনার কার্যক্রম চলমান রয়েছে। এ সময় উদ্ধার হওয়া চিরকুটগুলোও সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

/এএসএফ