কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রীও। বুধবার (৮ জুলাই) দুপুরে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম বলদিপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পৌরসভার বলদিপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ (৭১) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)। কয়েক দশক আগে একসঙ্গে সংসারজীবন শুরু করা এই দম্পতির জীবনাবসানও হলো একই দিনে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচ চালু করতে গিয়ে আবু সাঈদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছটফট করতে দেখে দ্রুত উদ্ধার করতে এগিয়ে যান তার স্ত্রী রাবেয়া বেগম। তবে কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই স্বামীকে স্পর্শ করায় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই প্রথমে আবু সাঈদের মৃত্যু হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাবেয়া বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
উলিপুর জোনাল অফিসের পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী আতাউর রহমান জানান, বিদ্যুতের একটি তার ছিঁড়ে বাড়ির বেড়ার সঙ্গে যুক্ত হয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, বিশেষ করে ঝড়-বৃষ্টির পর বাড়ির বৈদ্যুতিক সংযোগ ও তার নিয়মিত পরীক্ষা করা উচিত। কোথাও তার ছিঁড়ে গেলে বা ঝুলে থাকলে দ্রুত বিদ্যুৎ অফিস বা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে তা মেরামত করা প্রয়োজন। এতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
/এএসএফ