• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম


আর্জেন্টিনার ভক্ত হয়েও মিশরের জয় চান বর্ষা, কেন জানালেন নিজেই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুলাই ২০২৬ ৭:৩৫ পিএম

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর বহুল প্রতীক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বর্ষা।

দীর্ঘদিন ধরেই বর্ষা আর্জেন্টিনা এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত। তবে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি মন্তব্য করেছেন, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন বর্ষা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ, মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন।’

একই বক্তব্য তিনি ফেসবুক পোস্টেও পুনরায় উল্লেখ করেন। সেখানে লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই, দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক। আমিন।’

অভিনেত্রীর এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ব্যবহারকারী তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অন্যদিকে, কেউ কেউ খেলাধুলার সঙ্গে ধর্মীয় পরিচয় যুক্ত করার বিষয়টি সমর্থন করেননি। তবে এ বিষয়ে ওঠা সমালোচনার কোনো জবাব দেননি বর্ষা।

এদিকে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে ম্যাচটিতে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। অপ্টার সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯ দশমিক ১ শতাংশ। মিশরের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১২ দশমিক ৩ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ দশমিক ৫ শতাংশ।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। এর আগে ২০০৮ সালে কায়রোতে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে দুই দলের একমাত্র দেখা হয়েছিল। সেই ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

/এসএন