• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম


‘ওদের দলে মেসি, আমাদের দলে সালাহ’—আর্জেন্টিনাকে হুঁ’শিয়ারি মিশরের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুলাই ২০২৬ ৬:৪৫ পিএম

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে লিওনেল মেসিদের সতর্কবার্তা দিয়েছে মিশর শিবির। তাদের বিশ্বাস, আর্জেন্টিনার মেসির বিপরীতে তাদের সবচেয়ে বড় ভরসা মোহামেদ সালাহ।

রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মিশর। সেই ম্যাচে দলের হয়ে শেষ শটটি নিয়েছিলেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

ম্যাচের আগে সালাহ বলেন, তিনি নিশ্চিত নন এটি তার শেষ বিশ্বকাপ কি না। তাই প্রতিটি ম্যাচকেই তিনি ফাইনাল হিসেবে দেখছেন।

সালাহ বলেন, ‘আমি জানি না, এটা আমার শেষ বিশ্বকাপ কি না। তাই প্রতিটা ম্যাচ ফাইনাল ধরে খেলছি। এটাই আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। সেটা ভেবেই খেলতে নামব।’

দলের ডিরেক্টর ইব্রাহিম হাসানও পূর্ণ আস্থা রেখেছেন সালাহর ওপর। তার মতে, প্রিমিয়ার লিগে ২৫৭ গোল করা এবং চারবার গোল্ডেন বুট জয়ী এই ফুটবলারকে হালকাভাবে নিলে যেকোনো প্রতিপক্ষকে মূল্য দিতে হবে।

তিনি বলেন, ‘আমরা মেসিকে নিয়ে ভাবছি না। দলের ছেলেদের বলেছি, মাঠে নেমে নিজেদের খেলাটা খেলো। দেখিয়ে দাও ওরা কাদের বিপক্ষে খেলতে নেমেছে।’

তবে শুধু সালাহ নয়, পুরো দল নিয়েই আত্মবিশ্বাসী ইব্রাহিম হাসান।

তার ভাষায়, ‘ওদের দলে মেসি থাকতে পারে। আমাদের দলে সালাহ আছে। যে কোনো প্রতিপক্ষকে ও একাই শেষ করে দিতে পারে। আমাদের দলে ২৬ জন মেসি আছে।’

অন্যদিকে, প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি মিশরকে শক্ত প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন।

স্কালোনি বলেন, ‘মিশর বেশ কঠিন দল। ভালো ফুটবল খেলেছে বলেই এত দূর এসেছে। আরও একটা কঠিন লড়াই আমাদের সামনে। একটা কথা মাথায় রেখেই নামব—জিততে হবে।’

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার খেলার ধরনে বড় পরিবর্তন না এলেও একাদশে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।

তিনি বলেন, ‘কাদের দলে রাখব সেটা আমি জানি। এখন তা বলব না। তবে যারা আগে বেশি খেলার সুযোগ পায়নি, তেমন কয়েক জনকে খেলাতে পারি। ওরা তরতাজা আছে। তাতে আমাদের সুবিধা হবে।’

এ পর্যন্ত টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে স্কালোনি আরও বলেন, ‘আমরা চারটে ম্যাচই জিতেছি। তাতে আমি খুশি। কিন্তু আগের দিন রক্ষণের সময় গতির অভাব হচ্ছিল। তাই কেপ ভার্দে বল পাচ্ছিল। আমরা রক্ষণের সময়েও গতিশীল ফুটবল খেলতে ভালোবাসি। সেটা মিশরের বিরুদ্ধে খেলতে হবে।’

/এসএন