• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম


মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪-০, দাপুটে জয়ে আর্জেন্টিনার নতুন যুগের শুরু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ১:৩২ পিএম

লিওনেল মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ের শুরুটা দাপুটে জয় দিয়ে করল আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই অর্ধে দুটি করে গোল করে প্রতিপক্ষকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি লিওনেল স্কালোনির দল।বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর এটিই ছিল আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ। একই সঙ্গে মেসিকে ছাড়া নতুন পথচলার আনুষ্ঠানিক সূচনাও হলো এই ম্যাচ দিয়ে।ম্যাচের শুরু থেকেই বলিভিয়ার রক্ষণে চাপ তৈরি করে আর্জেন্টিনা। ১৯ মিনিটে প্রথম সাফল্য পায় তারা। অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের পাস থেকে ডি-বক্সের মাঝামাঝি জায়গায় বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ।এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। মাঝমাঠের কাছ থেকে এজেকুয়েল পালাসিওসের বাড়ানো থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে বাম পায়ের শটে গোলকিপারকে পরাস্ত করেন নিকো পাজ।প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। তবে আর গোলের দেখা পায়নি তারা। বিরতির পরও আক্রমণের ধার কমেনি আর্জেন্টিনার।৫৪ মিনিটে নিকো পাজের ক্রস থেকে উঁচুতে উঠে দুর্দান্ত হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। গোলের পরপরই রোমেরো, পাজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে তুলে নেন স্কালোনি। মাঠ ছাড়ার আগে এমিলিয়ানো মার্তিনেজের হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন রোমেরো।পরবর্তী সময়ে বদলি হিসেবে নেমে আক্রমণে আরও গতি আনেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তার তৈরি করা সুযোগ কাজে লাগাতে পারেননি লাউতারো। আর্জেন্টিনার আরও কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয় বলিভিয়ার গোলরক্ষকের দৃঢ়তায়।৮৪ মিনিটে ম্যানুয়েল লোপেজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে এক মিনিট পরই নিজের দ্বিতীয় সুযোগ কাজে লাগান ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। জটলার মধ্যে বাম পায়ের শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনার জয় ৪-০ করেন তিনি।ম্যাচের শেষ মুহূর্তেও গোলের সুযোগ পেয়েছিলেন মাস্তানতুয়োনো। তার জোরালো শট ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন বলিভিয়ার গোলরক্ষক। ফলে আর ব্যবধান বাড়েনি।ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে আর্জেন্টিনা মোট ১৮টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে বলিভিয়া পাঁচটি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি, সেটিও ম্যাচের একেবারে শেষ দিকে।মেসির আন্তর্জাতিক বিদায়ের পর্ব শুরু হওয়ার কথা রয়েছে আগামী ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে মেসিকে ছাড়াই আর্জেন্টিনার পরবর্তী পরীক্ষা বাংলাদেশ সময় আগামী রবিবার ভোর ৬টায় বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচে।

/বিএসএস