• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম


‘এটা বাতিল করে দেখাও’—জয়ের পর ট্রাম্পকে খোঁ’চা বেলজিয়ামের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুলাই ২০২৬ ৬:০১ পিএম

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে দাপুটে জয়ের পর গোল উদযাপনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গাত্মক খোঁচা দেন বেলজিয়ান ফুটবলাররা।

প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডজনিত এক ম্যাচের নিষেধাজ্ঞা ফিফা স্থগিত করায় বিতর্কের সৃষ্টি হয়। এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের রাজনৈতিক হস্তক্ষেপ ছিল বলে যে আলোচনা শুরু হয়েছিল, সেই প্রেক্ষাপটেই মাঠের উদযাপনের মাধ্যমে প্রতিক্রিয়া জানান রোমেলু লুকাকু ও তার সতীর্থরা।

বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বোসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বালোগুন। পরে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়। বেলজিয়াম যেন সেই বিতর্কের জবাবই দিয়েছে মাঠের পারফরম্যান্সে, যেখানে তারা ৪-১ ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছে।

ম্যাচের ইনজুরি টাইমে দলের চতুর্থ গোলটি করেন রোমেলু লুকাকু। গোলের পর বেলজিয়ামের কয়েকজন খেলোয়াড়কে ট্রাম্পের বহুল আলোচিত নাচের ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায়। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় এই নাচটি ব্যাপক পরিচিতি লাভ করেছিল। এর আগে কনকাকাফ নেশনস লিগে জ্যামাইকার বিপক্ষে গোল করার পর যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিকও একই নাচে উদযাপন করেছিলেন।

ম্যাচ শেষে বেলজিয়াম জাতীয় দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে লুকাকুর গোল উদযাপনের একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে দর্শকদের উদ্দেশে কান খাড়া করে শোনার ভঙ্গিতে থাকা লুকাকুর ছবির ক্যাপশনে লেখা হয়, ‘এটা বাতিল করে দেখান।’ অনেকেই এটিকে ফিফার বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের প্রতি বেলজিয়ামের কড়া প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

ম্যাচের আগে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করার ফিফার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিল। তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে বেলজিয়ামের করা আপিল খারিজ হয়ে যায়। কমিটি জানায়, এ ঘটনায় বেলজিয়াম কোনো পক্ষ না হওয়ায় তাদের আপিল করার অধিকার নেই।

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পর আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

/এসএন