• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম


১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ কি সরকারি ছুটি থাকছে?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুলাই ২০২৬ ৪:৪৬ পিএম

আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে। তবে এ দিন কোনো সরকারি ছুটি থাকছে না। দিবসটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটি সংক্রান্ত আলোচনা শুরু হলেও সরকারি পরিপত্রে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে।

এর আগে, গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, ‘জুলাই শহীদ দিবস’কে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারি বিধান অনুযায়ী, ‘খ’ শ্রেণিভুক্ত দিবসে সাধারণ বা নির্বাহী ছুটি থাকে না। এ ধরনের দিবস সরকারি উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হলেও ‘ক’ শ্রেণির দিবসের মতো রাষ্ট্রীয় ছুটি বা বিশেষ সরকারি অবকাশ থাকে না।

ফলে আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কোনো সরকারি ছুটি ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোর শ্রেণিবিন্যাস নির্ধারণ করা হয়। নবঘোষিত ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

/এএসএফ