• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ এএম


ভা'ইরাল ভিডিও ঘিরে বিত'র্ক

আর্জেন্টিনার ম্যাচ দেখে চাপ অনুভব করেছিলেন ফিফা সভাপতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুলাই ২০২৬ ৬:৪৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে আর্জেন্টিনার খেলা দেখে টেনশন অনুভব করার কথা বলতে শোনা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে তথ্য যাচাইয়ে এখন পর্যন্ত ভিডিওটির বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

২০২২ সালের কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা বিশেষ সুবিধা পেয়ে আসছে—এমন অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে। সম্প্রতি আলজেরিয়ার ফুটবলার আইসা মান্দিকে পায়ের পেছনে বুট দিয়ে আঘাত করার পরও লিওনেল মেসির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় সেই বিতর্ক আবারও সামনে আসে।

এমন পরিস্থিতির মধ্যেই প্রায় ১১ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ইনফান্তিনোকে বলতে শোনা যায়, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখে তিনি টেনশন ও চাপ অনুভব করছিলেন। তবে পরক্ষণেই তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, তিনি নিরপেক্ষ এবং সব দলের খেলাই তার মধ্যে একই ধরনের অনুভূতি সৃষ্টি করে।

মায়ামিতে অনুষ্ঠিত ওই ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে কঠিন লড়াই করতে হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। পরে ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।

ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় যাচাই করে দেখা গেছে, এটিকে সরাসরি ভুয়া বলার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অংশটি ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ বক্তব্য নয়। ফলে বক্তব্যের প্রাসঙ্গিক অংশ বাদ পড়ায় বিভ্রান্তির সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ভিডিওটি ধারণের সময় ইনফান্তিনো স্টেডিয়ামের বাইরে একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। আশপাশে অন্য কাউকে দেখা না যাওয়ায় ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন উঠেছে।

মালয়েশিয়ার একটি ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যমও ভিডিওটি যাচাই করে জানিয়েছে, এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের মূল্যায়নে, ভিডিওটি আংশিক সম্পাদিত, ভুল প্রেক্ষাপটে উপস্থাপিত অথবা বিকৃত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সব মিলিয়ে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টিনার সমর্থক হিসেবে ধরা পড়ে পরে বক্তব্য পরিবর্তন করেছেন—এমন দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

/এসএন