• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ এএম


জুলাই গণঅভ্যুত্থানে নিহ’তদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুলাই ২০২৬ ৯:২৪ পিএম

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে স্মরণসভার আয়োজন করছে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির শেষ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

গতকাল বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এ কর্মসূচির ঘোষণা দেয়। আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর ধারাবাহিক আয়োজনের মধ্য দিয়ে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘটবে।

/এসএন