তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সব ধরনের কারিগরি ও প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন একটি মাইলফলকে পৌঁছেছে। তার ভাষায়, দুই দেশের পারস্পরিক আস্থা এখন নতুন এক পর্যায়ে উন্নীত হয়েছে এবং এই সফর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, এ প্রকল্প নিয়ে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য চীন আগের মতোই সব ধরনের কারিগরি ও অন্যান্য সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, এর আগে একটি কোম্পানি তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই করেছিল। এখন বাংলাদেশ ও চীনের বিশেষজ্ঞরা যৌথভাবে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ পরিচালনা করবেন।
সংবাদ সম্মেলনে ইয়াও ওয়েন আরও বলেন, বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
/এসএন