জাপানকে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২ পেরিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ—নরওয়ে। কারণ ফুটবল ইতিহাসে এই ইউরোপীয় দলটির বিপক্ষে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী রোববার (৫ জুলাই দিবাগত রাত) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। ফলে নিশ্চিত হয়েছে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-নরওয়ে দ্বৈরথ।
পরিসংখ্যান বলছে, ১৯৮৮ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে, আর বাকি দুটি জিতেছে নরওয়ে। অর্থাৎ চার দেখাতেই জয়হীন থেকেছে ব্রাজিল।
বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল নরওয়ে। যদিও সেই পরাজয়ের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠেছিল সেলেসাওরা।
এর আগে ১৯৯৭ সালে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছিল নরওয়ে। দুই দলের সর্বশেষ দেখা হয় ২০০৬ সালে, সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
প্রায় দুই দশক পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। ব্রাজিলের লক্ষ্য এবার ইতিহাস বদলে নরওয়ের বিপক্ষে প্রথম জয় তুলে নেওয়া। অন্যদিকে নরওয়ে চাইবে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অজেয় থাকার রেকর্ড অক্ষুণ্ন রেখে আরও একটি রূপকথা লিখতে।
আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডদের নিয়ে গড়া বর্তমান নরওয়ে দলকে ইউরোপের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই কার্লো আনচেলত্তির শিষ্যদের জন্য শেষ ষোলোর এই লড়াই মোটেও সহজ হবে না।
এখন দেখার বিষয়, ব্রাজিল কি ৩৬ বছরের জয়খরা কাটিয়ে ইতিহাস বদলাতে পারে, নাকি নরওয়ে আবারও সেলেসাওদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।
/এএসএফ