• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম


হালান্ড ম্যাজিকে শেষ ষোলতে নরওয়ে, প্রতিপক্ষ হিসেবে অপেক্ষায় ব্রাজিল!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ জুলাই ২০২৬ ৯:৩৪ এএম

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ দারুণ নাটকীয় এক লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। ম্যাচের শেষ মুহূর্তে আর্লিং হালান্ডের জয়সূচক গোলে উল্লাসে মেতে ওঠে নরওয়ের ফুটবলার ও সমর্থকরা। অন্যদিকে হৃদয়ভাঙা পরাজয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয় আইভরি কোস্টের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আইভরি কোস্ট। প্রথম ৩০ মিনিটে বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ—দুই দিক থেকেই এগিয়ে ছিল আফ্রিকার প্রতিনিধিরা। তারা একাধিক সম্ভাবনাময় সুযোগও তৈরি করেছিল। তবে গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত সেই ব্যর্থতার মূল্য দিতে হয়েছে তাদের।

প্রথমার্ধ শেষ হওয়ার ছয় মিনিট আগে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। পেপেকে কাটিয়ে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে। সেই নিখুঁত ফিনিশে গোলরক্ষকের কিছুই করার ছিল না।

বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আর্লিং হালান্ড ও আলেকজান্ডার সোরলথ। তবে দুজনেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে নরওয়ে।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আমাদু দিয়ালো। প্রথমে গোললাইন থেকে বল ক্লিয়ার করে নরওয়ের নিশ্চিত দ্বিতীয় গোল ঠেকান তিনি। এরপর আক্রমণে উঠে নিজের নৈপুণ্যে দলকে সমতায় ফেরান। পেপের সঙ্গে ওয়ান-টু খেলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ১-১ সমতা আনেন দিয়ালো।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই নিজের সামর্থ্যের প্রমাণ দেন আর্লিং হালান্ড। নির্ধারিত সময় শেষ হতে মাত্র চার মিনিট বাকি থাকতে অস্কার ববের বাড়ানো বল ধরে ডান প্রান্ত থেকে নিচু ক্রস দেন বার্গ। হালান্ডের শট পুরোপুরি নিখুঁত না হলেও বল ধীরে ধীরে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নরওয়ে এবং শেষ ষোলোতে জায়গা করে নেয়।

এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হলো আইভরি কোস্টের। তবে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে ওঠার স্মরণীয় অর্জন নিয়েই দেশে ফিরবে আফ্রিকার দলটি।

অন্যদিকে শেষ ষোলোতে নরওয়ের সামনে অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে তারা কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: এএফপি

/এএসএফ