• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ এএম


বজ্রপাতের কারণে স্থগিত মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ জুলাই ২০২৬ ৭:৫৪ এএম

ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে স্থগিত হওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এর মেক্সিকো-ইকুয়েডর ম্যাচের নতুন সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।

নিজেদের দলের খেলা দেখতে ম্যাচ শুরুর প্রায় চার ঘণ্টা আগ থেকেই স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেন মেক্সিকো ও ইকুয়েডরের সমর্থকরা। বৃষ্টির মধ্যেও গ্যালারিতে অবস্থান নিলেও শেষ পর্যন্ত বজ্রপাতের কারণে তাদের অপেক্ষা আরও দীর্ঘ হয়।

বিশ্ব ফুটবলের নিরাপত্তা বিধি অনুযায়ী, স্টেডিয়ামের ৮ থেকে ১০ মাইলের মধ্যে বজ্রপাত হলে খেলা শুরু বা চালিয়ে যাওয়া যায় না। নতুন করে ম্যাচ শুরু করতে হলে অন্তত ৩০ মিনিট কোনো বজ্রপাত হওয়া যাবে না। এই সময়ের মধ্যে আবার বজ্রপাত হলে নতুন করে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হয়।

আবহাওয়ার উন্নতি হওয়ায় আয়োজকরা এক ঘণ্টা পিছিয়ে নতুন সময় নির্ধারণ করেছেন। ইতোমধ্যে দুই দলের ফুটবলাররা মাঠে নেমে ওয়ার্ম-আপ শুরু করেছেন।

চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় ম্যাচ, যা বৃষ্টি ও বজ্রপাতের কারণে স্থগিত হলো। এর আগে ফ্রান্স-ইরাক ম্যাচও বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টার বেশি সময় বিলম্বে শুরু হয়েছিল।

সূত্র: এপি

/এএসএফ