• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম


শাহজালাল (রহ.) মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুন ২০২৬ ১০:২৫ পিএম

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপির নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য যুগোপযোগী ও যৌক্তিক একটি কাঠামো প্রণয়ন করবে এই কমিটি।

শুক্রবার সিলেট সার্কিট হাউসে হযরত শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সম্প্রতি শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনার পর দরগাহর সার্বিক উন্নয়ন এবং দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা একমত হন।

বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, দরগাহর উন্নয়ন, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমের একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার বিষয়ে মাজার কর্তৃপক্ষসহ সবাই ঐকমত্যে পৌঁছেছেন। সেই ঐকমত্যের ভিত্তিতেই ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা আগামী এক মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।

তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের প্রধান লক্ষ্য। নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়ম অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা করবে এবং তা মাজারের চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।

বিদায়ী জেলা প্রশাসকের পূর্ববর্তী উদ্যোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অতীতের কোনো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করতে সরকার আগ্রহী নয়। বরং সবাইকে সঙ্গে নিয়ে একটি টেকসই ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চায় সরকার। তিনি বলেন, এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করেই কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি বা বিরূপ প্রতিক্রিয়ার সুযোগ না থাকে।

এর আগে সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে মাজারের ঐতিহ্য সংরক্ষণ, বর্তমান ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন এবং কার্যক্রমকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিলেটের স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এএসএফ