• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম


রবিবার থেকে শুরু হচ্ছেঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুন ২০২৬ ৭:৫৭ পিএম

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকাতেও আগামী রোববার (২৮ জুন) অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ডিএনসিসি এলাকায় মোট ১ হাজার ৯০৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৪টি স্থায়ী এবং ১ হাজার ৮৫১টি অস্থায়ী কেন্দ্র।

ক্যাম্পেইন পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে দুজন করে মোট ৩ হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি কার্যক্রম তদারকির জন্য মাঠপর্যায়ে ১৮৩ জন প্রথম সারির এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসিসির নগর ভবনে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ছাড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী এবং বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় অবস্থানরত শিশুদের কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দিতে ডিএনসিসির পক্ষ থেকে চারটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে। ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন মোবাইল সেবার মাধ্যমে এসব শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

কর্মজীবী অভিভাবকদের সুবিধার কথা বিবেচনায় রেখে ক্যাম্পেইনের দিন এবং এর পরবর্তী চার দিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চালু থাকবে।

/এসএন