• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম


ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডে দুটি শক্তিশালী ভূমিকম্প, লাখো প্রাণহা’নির আশ’ঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুন ২০২৬ ৯:১৪ এএম

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় সংঘটিত এই জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস।

এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পের কারণে বড় ধরনের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এ ঘটনায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা ৪৪ শতাংশ। একই সঙ্গে ১ লাখেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কার সম্ভাবনা ৩০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

বিবিসির তথ্যমতে, রাজধানী কারাকাসে ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন স্থানে ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক মানুষ সাহায্যের আবেদন জানাচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ভবন ও বসতবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য আফটারশকের ঝুঁকির কথা বিবেচনায় রেখে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

/এসএন