ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকালে আঘাত হানা এই ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং এখনও অন্তত ২৪ জন নিখোঁজ রয়েছেন।
রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এই ভূমিকম্প স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে অনুভূত হয়। প্রথমদিকে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে ধ্বংসস্তূপ ও ভূমিধসের নিচ থেকে আরও মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা দ্রুত বাড়ে।
ভূমিকম্পের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও কয়েক ঘণ্টা পর কিছু এলাকায় সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
প্রাকৃতিক এই দুর্যোগে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মিন্দানাওর বিভিন্ন এলাকায় বহু ঘরবাড়ি, ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘জলিবি’র একটি রেস্তোরাঁ সম্পূর্ণ ধসে পড়ার দৃশ্যও দেখা গেছে।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত উপকূলীয় সারঙ্গানি প্রদেশে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ভূমিধসের নিচে চাপা পড়েছিলেন।
এছাড়া বিশ্বখ্যাত বক্সার ম্যানি প্যাকিয়াওয়ের জন্মস্থান জেনারেল সান্তোস শহরে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিভিল ডিফেন্স বিভাগ। সেখানে এখনও ২২ জন নিখোঁজ রয়েছেন। দক্ষিণ কোটাবাতো ও সুলতান কুদারাত প্রদেশেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই এই দুর্যোগ আঘাত হানায় ক্ষতিগ্রস্ত এলাকার সব স্কুল-কলেজে পাঠদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের সব সংস্থা সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে পুরো দেশ।
দাভাও ওরিয়েন্টাল প্রদেশের একটি বিদ্যালয়ের ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত শিক্ষার্থীরা মাঠে আশ্রয় নিয়েছে। তাদের পেছনে একটি শেড ধসে পড়লেও কোনো শিক্ষার্থী হতাহত হয়নি।
ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ১.৩ থেকে ৬.৭ মাত্রার অন্তত ১৩০টির বেশি আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, আরও অনুকম্পন অনুভূত হতে পারে।
এদিকে জাপানের ওকিনাওয়া ও ওগাসাওয়ারা দ্বীপে হালকা সুনামি জোয়ারের খবর পাওয়া গেছে। পাশাপাশি ইন্দোনেশিয়া, পালাউ ও ফিলিপাইনের কিছু উপকূলীয় এলাকায় কয়েক সেন্টিমিটার থেকে ১.৪ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া হতাহতের তথ্য যাচাই করা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
সূত্র: বিবিসি
/এএসএফ