• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ এএম


স্কুলে শিক্ষার্থীদের মাঝে ছ’ত্রাকযুক্ত পাউরুটি বিতরণের অভি’যোগ, তদন্তের নির্দেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১১:১৭ পিএম

পাবনার বেড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফিডিং কর্মসূচির আওতায় ছত্রাকযুক্ত (ফাংগাস) পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শনিবার (২০ জুন) ৫নং নতুন ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা পাউরুটির কিছু অংশে কালো দাগ ও ছত্রাকের চিহ্ন দেখা যায়। বিষয়টি নজরে আসার পর অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেন।

সরেজমিনে জানা গেছে, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন প্রথমে ছত্রাকযুক্ত পাউরুটি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেনের কাছে অভিযোগ করেন। পরে আরও কয়েকজন অভিভাবক একই ধরনের অভিযোগ উত্থাপন করেন।

অভিভাবকদের দাবি, দায়িত্বশীল শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে এমন খাবার বিতরণ হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। তারা প্রশ্ন তুলেছেন, এই ধরনের পাউরুটি খেয়ে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তার দায়ভার কে নেবে।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে গণশিক্ষা মন্ত্রণালয় দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় বেড়া উপজেলার ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাউরুটি, কলা, বিস্কুট ও ডিম সরবরাহ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রখর ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি উৎপাদিত পাউরুটি গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে সরবরাহ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন বলেন, বিতরণ করা পাউরুটির প্যাকেটে উৎপাদনের তারিখ ১৯ জুন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ২৩ জুন উল্লেখ ছিল। তবে পরে অভিভাবকরা কিছু পাউরুটিতে ছত্রাক ও কালো দাগ দেখতে পেয়ে অভিযোগ করেন।

তিনি আরও জানান, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সরবরাহকারী প্রতিষ্ঠান গাকের স্থানীয় প্রতিনিধিকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে গ্রাম উন্নয়ন কর্মের (গাক) বেড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ছত্রাকযুক্ত পাউরুটি বিতরণের অভিযোগের পর প্রধান শিক্ষককে সতর্ক করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএন