• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ এএম


খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১০:২২ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরান প্রদেশে সরকারি ছুটি পালন করা হবে। এই তিন দিনে খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

খামেনির দাফন-অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হাসান হাসানযাদেহ জানিয়েছেন, ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন এবং জানাজার আয়োজন করা হবে। এরপর ৬ জুলাই তার দাফন সম্পন্ন হবে। এ কারণেই তেহরান প্রদেশে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ৪ ও ৫ জুলাই শুধু তেহরানে ছুটি থাকবে। তবে ৬ জুলাই খামেনির দাফনের দিন সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে।

খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন তার স্মরণে নানা কর্মসূচি ঘোষণা করেছে।

উল্লেখ্য, ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন হামলা শুরুর মুখে গত ২৮ ফেব্রুয়ারি নিজের কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন বলে জানানো হয়।

আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ছয় মাস এই পদে দায়িত্ব পালন করেন।

সূত্র: এএফপি

/এএসএফ