হরমুজ প্রণালিতে কোনো ধরনের শুল্ক বা ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে ইরান ও ওমান। ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে অংশ নেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। সাম্প্রতিক সময়ে ইরান হরমুজ প্রণালিকে ওমান ও ইরানের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বিষয় হিসেবে তুলে ধরছে।
এ নিয়ে গত দুই সপ্তাহে দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে।বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রাথমিক চুক্তি বা সমঝোতা স্মারকের ‘হরমুজ প্রণালি’–সংক্রান্ত অনুচ্ছেদ নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে হরমুজ প্রণালিতে কোনো ধরনের শুল্ক ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখার বিষয়ে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ।এর আগে ইরান জানিয়েছিল, এই কৌশলগত জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে তেহরান থেকে বলা হয়েছিল, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কোনোভাবেই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না।তবে সাম্প্রতিক আলোচনার পর হরমুজ প্রণালিকে সবার জন্য শুল্কমুক্ত রাখার বিষয়ে ওমান ও ইরান একমত হয়েছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
/বিএসএস