• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ এএম


প্রকাশ্য গণনায় শাহজালাল মাজারে ৪ দিনে পাওয়া গেল ১৭ লাখ টাকার বেশি নগদ টাকা ও স্বর্ণ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ১০:০১ পিএম

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা তিনটি ডেগ ও একটি দানবাক্স খুলে প্রকাশ্যে গণনা করে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মাজার প্রাঙ্গণে এ গণনা কার্যক্রম পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ও সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া।

গণনার সময় সদ্য বিদায়ী সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে দানের জন্য তিনটি ঐতিহাসিক ডেগ এবং একটি নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সময়ে মাজারে থাকা তিনটি ঐতিহাসিক ডেগ সিলগালা করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আনসার সদস্যও মোতায়েন করা হয়েছিল।

জানা গেছে, বদলির আদেশ প্রত্যাহারের ঘোষণার একদিন পর সোমবার প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতির বাইরে গিয়ে প্রথমবারের মতো প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে দানের অর্থ গণনার উদ্যোগ নেন সদ্য বিদায়ী ডিসি মো. সারওয়ার আলম।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তিনটি ডেগ ও একটি দানবাক্স খুলে দানের অর্থ গণনা শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া যায়।

প্রকাশ্যে দানের অর্থ গণনার এ উদ্যোগ ঘিরে মাজার প্রাঙ্গণে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা যায়। দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্য গণনার এ আয়োজন বিশেষভাবে আলোচনায় এসেছে।

/এসএন