সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে মাজারে সংরক্ষিত সিল করা ডেকচির ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে এ গণনা শুরু করা হয়।
ব্যতিক্রমী এ উদ্যোগকে ঘিরে মাজার প্রাঙ্গণে ভক্ত, দর্শনার্থী এবং স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা গেছে। দীর্ঘদিন ধরে দান সংগ্রহ হলেও প্রকাশ্যে অর্থ গণনার এমন আয়োজন আগে কখনো দেখা যায়নি।
জানা গেছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে। গণনার কাজে অংশ নিয়েছেন মাদরাসার শিক্ষার্থীরা, যারা দানের অর্থ গুনছেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণনা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা।
গণনার সময় মাজার প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে পুরো কার্যক্রম প্রত্যক্ষ করেন। আগে কখনো প্রকাশ্যে এভাবে দানের টাকা গণনা না হওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, গণনা সম্পন্ন হওয়ার পর মোট দানের পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর ওই অর্থ কীভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দেশ-বিদেশ থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা দান করে আসছেন। কিন্তু সেই দানের অর্থ প্রকাশ্যে গণনার কোনো নজির আগে ছিল না। প্রশাসনের উপস্থিতিতে এবার প্রকাশ্যে গণনার উদ্যোগ নেওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
/এসএন