• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম


নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচার দাবিতে শাহবাগে ছাত্রদলের মিছিল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ৯:৫১ পিএম

নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর তৎপরতার প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সম্পাদক শাদমান সাকিব, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবরার লাবিব উদয়, মুজিব হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীন এবং এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম শামীমসহ আরও অনেকে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

পরে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন খোরশেদ আলম সোহেল। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর তৎপরতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদল ধারাবাহিকভাবে অবস্থান নেবে এবং অভিযুক্তদের বিচারের দাবি অব্যাহত রাখবে।

সমাবেশে বক্তারা দাবি করেন, নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো সাংগঠনিক কার্যক্রম আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হতে পারে। তাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

/এএসএফ