• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম


আসিয়ানের মাধ্যমে উদ্যোগ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে মালয়েশিয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ৬:১১ পিএম

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই সংকট নিরসনের প্রচেষ্টা এগিয়ে নেওয়া হবে।

সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ কথা জানান। তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা লাঘবে মালয়েশিয়া সক্রিয় ভূমিকা পালন করবে।

মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, “আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যাটির অন্তত কিছু অংশের সমাধান করার চেষ্টা করব।”

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি ছিল মালয়েশিয়া। এছাড়া সাম্প্রতিক নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো প্রথম দেশগুলোর মধ্যেও মালয়েশিয়া ছিল।

আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশের অবস্থানের মিল রয়েছে বলে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ফিলিস্তিন প্রশ্নে এবং গাজায় সংঘটিত নৃশংসতার নিন্দার ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়া একই অবস্থানে রয়েছে।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, “গাজায় জায়নবাদী ইসরায়েলি শাসনের চালানো অপরাধ এবং উপসাগরীয় অঞ্চল ও ইরানে স্থায়ী শান্তির পক্ষে আমাদের অবস্থান এক।”

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টিও স্মরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি তারেক রহমানকে বৃহত্তর পরিবারের একজন সদস্য হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা আপনাকে এই বৃহত্তর পরিবারের অংশ হিসেবে বিবেচনা করি। আমাদের এই বন্ধন ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অপেক্ষায় আছি।”

/এসএন