• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম


মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ৫:১০ পিএম

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান শহরের উদ্দেশে রওনা হন তিনি।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, “মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছেন। দালিয়ানে তিনি দুই দিনের ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন। সেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।”চীনের দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী World Economic Forum Annual Meeting of the New Champions-এর সম্মেলনে অংশগ্রহণ করবেন।কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল বুঙ্গা রায় কমপ্লেক্সে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় উপস্থিত ছিলেন মনজুরুল করিম এবং ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা।

এর আগে রোববার দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেই হিসেবে মালয়েশিয়া সফর ছিল প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর।সংক্ষিপ্ত এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রথমে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। পরে সীমিত পরিসরে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করা হয়। এরপর উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বৃহত্তর পরিসরে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে।

/বিএসএস