মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় লেক ক্রুজে অংশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সোমবার (২২ জুন) সকালে আয়োজিত এই নৌভ্রমণে অংশ নিয়ে তিনি পুত্রাজায়া লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। নৌকা থেকে শহরের দৃষ্টিনন্দন স্থাপনা এবং অনন্য স্থাপত্যশৈলীও উপভোগ করেন তিনি।
সকালে ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা প্রায় এক ঘণ্টা সময় একসঙ্গে কাটান। এ সময় পুত্রাজায়ার মনোরম পরিবেশ উপভোগের পাশাপাশি প্রশাসনিক কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি দ্বিপক্ষীয় বিদেশ সফর।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার অর্থনৈতিক সম্পর্কও বর্তমানে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের তালিকায় বাংলাদেশ মালয়েশিয়ার ২৮তম অবস্থানে রয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।
বর্তমানে দুই দেশের মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।
/এসএন