ছবি: সংগৃহীত
দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কার কথাও বলা হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের মতে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে এমন আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ ছাড়া পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গাতেও এমন আবহাওয়া দেখা দিতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসেও প্রায় একই ধরনের আবহাওয়ার আভাস দেওয়া হয়েছে। ওই সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শনিবার আবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।