• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম


বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু, অর্ধশত গরুও প্রাণ হারাল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৯:২৬ পিএম

পটুয়াখালীতে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত দুই দিনে জেলার বিভিন্ন উপজেলায় বজ্রাঘাতে অন্তত ৫০টি গরুর মৃত্যু হয়েছে, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষতির পাশাপাশি আতঙ্কের সৃষ্টি করেছে।
বুধবার (২৯ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে দুপুর ১টার দিকে ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহির উদ্দিন (২৮) নিহত হন। একই উপজেলার পূর্ব চাকামাইয়া গ্রামে দুপুর ২টার দিকে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে সেতারা বেগম (৫৫) মারা যান।
একই সময় শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রাঘাতে খালেক হাওলাদার (৫৫) প্রাণ হারান। এর আগে সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে মাঠে গরু বাঁধার সময় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নিহত হন।
স্থানীয়রা জানান, বৃষ্টি ও বজ্রপাত চলাকালে খোলা মাঠে অবস্থান করায় এসব দুর্ঘটনা ঘটেছে। সচেতনতার অভাব ও নিরাপদ আশ্রয়ে না যাওয়ার কারণে প্রাণহানির সংখ্যা বাড়ছে বলে তারা মনে করছেন।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ঘন ঘন বজ্রপাতের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা মাঠে কাজ না করা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।