রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে সব সময় একই মাত্রায় বৃষ্টি হবে না। কখনও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, আবার কখনও তা তুলনামূলকভাবে কমে আসবে।
সোমবার (১৩ জুলাই) ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার ও বুধবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
তিনি জানান, গত ৫ জুলাই সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছিল। বর্তমানে নিম্নচাপের প্রভাব কমে এলেও বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে। এ কারণে পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টির ধারা বজায় থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সোমবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
/এসএন