• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম


গলাসমান পানি পেরিয়ে প্রসূতিকে উদ্ধার, হাসপাতালে জন্ম নিল পুত্রসন্তান!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুলাই ২০২৬ ৩:৫৩ পিএম

চট্টগ্রাম: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার মধ্যে প্রসব বেদনায় কাতর এক গৃহবধূকে গলাসমান পানি অতিক্রম করে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

প্রসূতি মিজবাহুল জান্নাত (২২) সৌদি আরব প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। ডলু নদের তীরবর্তী খৈয়ারকুল গ্রাম কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সম্পূর্ণ প্লাবিত হওয়ায় পরিবারের পক্ষে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টার দিকে মিজবাহুল জান্নাতের প্রসব বেদনা শুরু হয়। বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার হলেও পুরো সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় তিনি বাড়িতেই আটকা পড়েন। একপর্যায়ে ভোরে পরিবারের সদস্যরা লোহাগাড়া ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। গলাসমান পানির মধ্যে প্রায় ৬০০ মিটার পথ স্ট্রেচারে বহন করে প্রসূতিকে নিরাপদ স্থানে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা। পরে আগে থেকে প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্সে করে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর মিজবাহুল জান্নাত একটি পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার অভিযানে পানিবন্দি ওই নারীকে নিরাপদে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হয়।

/এএসএফ