ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে কাতার। ‘বি’ গ্রুপের এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন হন্ডুরাসের সাইদ মার্টিনেজ।এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মার্টিনেজ। ২০২২ সালের কাতার বিশ্বকাপে নয়টি ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করার পর এবার তিনি প্রধান রেফারি হিসেবে নির্বাচিত হয়েছেন।
এর ফলে বিশ্বকাপে প্রধান রেফারির দায়িত্ব পাওয়া প্রথম হন্ডুরান হিসেবে ইতিহাস গড়তে চলেছেন তিনি।২০১৭ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মার্টিনেজ। আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।
২০২১ ও ২০২৩ সালের গোল্ড কাপের ফাইনাল, ২০২৩ সালের কনকাকাফ নেশনস লিগ ফাইনাল এবং ২০২৫ সালের কনকাকাফ নেশনস লিগের সেমিফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ কনকাকাফ ম্যাচ পরিচালনা করেছেন এই অভিজ্ঞ রেফারি।পরিসংখ্যান বলছে, ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৬৫টি ম্যাচে দায়িত্ব পালন করে তিনি ৬৮৮টি হলুদ কার্ড এবং ৩০টি লাল কার্ড দেখিয়েছেন।
অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ৪.১৭টি হলুদ কার্ড দিয়েছেন তিনি। এই পরিসংখ্যান তাকে তুলনামূলকভাবে কঠোর রেফারি হিসেবেই পরিচিত করেছে।বিশ্বকাপের জন্য কনকাকাফ অঞ্চল থেকে নির্বাচিত নয়জন রেফারির একজন মার্টিনেজ।
এছাড়া কনকাকাফ থেকে বিশ্বকাপে নিযুক্ত রেকর্ডসংখ্যক ২৯ জন ম্যাচ কর্মকর্তার দলেও রয়েছেন তিনি।দুই দশকেরও বেশি সময় আগে শুরু হওয়া তার রেফারিং ক্যারিয়ারের অন্যতম বড় স্বীকৃতি হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। সুইজারল্যান্ড ও কাতারের ম্যাচে বাঁশি বাজানোর মাধ্যমে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে নতুন ইতিহাসের অংশ হয়ে উঠবেন সাইদ মার্টিনেজ।
/বিএসএস