• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম


ফাইনালের আগেই নতুন নাটক!বিশ্বকাপ ট্রফি নিজের কাছে রাখতে চান ট্রাম্প?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ১০:৫০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি নিয়ে করা একটি মন্তব্য। বিশ্বকাপের ফাইনাল ঘনিয়ে আসার মধ্যেই ট্রাম্পের সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।ঘটনার সূত্রপাত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মঞ্চে উপস্থিত হয়ে বিশ্বকাপের সোনালি ট্রফিটি হাতে তুলে নেন ট্রাম্প।

ট্রফির ওজন অনুভব করে তিনি বলেন, ‘এটি বেশ ভারী।’ এরপর ডেস্কে রাখার সময় ট্রফিটি পড়ে যাওয়ার উপক্রম হলে দ্রুত সেটি সামলে নেন ইনফান্তিনো। তখন হাস্যরসের ভঙ্গিতে ট্রাম্প বলেন, ‘সুন্দর একখণ্ড সোনা। আমি কি এটা রেখে দিতে পারি?’ট্রাম্পের এই মন্তব্যকে অনেকে নিছক রসিকতা হিসেবে দেখলেও, ফুটবল অঙ্গনে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। বিশেষ করে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ট্রফি প্রদর্শন ও ট্রাম্পকে ঘিরে আগের বিতর্কের কারণে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে সাম্প্রতিক আরেকটি ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়েও সমালোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের পর তার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। পরে ফিফা শাস্তি স্থগিত করলে তা নিয়ে ফুটবল বিশ্বে রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠে।

এই প্রেক্ষাপটে বিশ্বকাপের ট্রফি নিয়ে ট্রাম্পের মন্তব্যও নতুন করে প্রশ্ন তুলেছে—বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে রাজনীতির প্রভাব কতটা বিস্তৃত হতে পারে।এখন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর ১৯ জুলাইয়ের ফাইনালের দিকে। আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াই শেষে বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে, আর সেই মুহূর্তে ট্রাম্প কী করেন—সেদিকেই তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।

/বিএসএস